শিরোনাম

এশিয়ান গেমসে নকআউটে খেলবে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমসে নকআউটে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমস। সেখানে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।

ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। চারটি দল সরাসরি নকআউটে খেলবে, আর বাকি ছয়টি দলকে মূলপর্বে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রথম রাউন্ডে।

এশিয়ান গেমসের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে আছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

অন্যদিকে, মেয়েদের খেলা হবে ৮ দল নিয়ে, ফলে মূলপর্ব শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের মুখোমুখি হবে জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।

/টিই/