জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি
জাহানারা আলম। ফাইল ছবি

জাতীয় দলের হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন জাহানারা আলম। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন। তবে জাতীয় দলে ফিরতে হলে ফিটনেস পরীক্ষা ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে জাহানারাকে।

প্রায় দুই বছর আগে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন জাহানারা। মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ান। পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই পেসার।

এরই মধ্যে গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আনেন জাহানারা। এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন জাহানারা।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ‘সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা নির্বাচকদের ব্যাপার।’

আসন্ন ঘরোয়া ক্রিকেটে জাহানারার অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেবে বিসিবি।

/টিই/