শিরোনাম

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ছবি: সংগৃহীত

নাটকীয়তা শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের ম্যাচ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচ। তবে এখনো ম্যাচ হওয়া নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা! চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার সময়েই বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে নির্ধারিত সময়ে নাও শুরু হতে পারে ম্যাচটি।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ খেত্তামারা এলাকার পূর্বাভাস জানিয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচের টস হওয়ার কথা, ওই সময়েই বৃষ্টি প্রবল বেগে আছড়ে পড়তে পারে স্টেডিয়াম এলাকায়। পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে ক্রমাগত নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। ৬-৭টার মধ্যে ৫.১ মিলিমিটার এবং ৭টা ১০ মিনিটের পর বৃষ্টির পরিমাণ (৩.৮ মিলি) কমে আসতে পারে।

এই পূর্বাভাস মিলে গেলে, খেলা ভেস্তে যেতে পারে বা খেলার নির্ধারিত সময়ের অনেকাংশ কাটা পড়তে পারে। মূলত বৃষ্টি থামার পরে মাঠ পুরোপুরি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ওপর খেলা হওয়ার বিষয়টি নির্ভর করছে। এর আগে দুপুর ১টা থেকে ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০-৬০ শতাংশ। অর্থাৎ, খেলা নির্ধারিত সময়ে হবে না তা নিয়ে আছে অনিশ্চয়া। ম্যাচ সম্পন্ন হতে সম্ভাব্য সময়ের চেয়ে বেশি লাগতে পারে, তেমন প্রস্তুতি নিয়েই আসতে হবে সমর্থকদের। যদিও এই ম্যাচ সমর্থকদের ভেতর বাড়তি উন্মাদনা রয়েছে। মানুষের চাপে কলম্বোগামী বিমানের টিকিট এবং সেখানকার হোটেলের ভাড়াও কয়েক গুণ করে বেড়ে গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকেও কলম্বোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল, ততক্ষণে ভারত ও পাকিস্তানের পৃথক অনুশীলনও সেরে নেয়। উভয় দলই নিজেদের আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে শীর্ষে ভারত এবং পাকিস্তান আছে দুইয়ে।

ম্যাচের জন্য নির্ধারিত সময় ছাড়াও অতিরিক্ত ৬০ মিনিট সময়ের নিয়ম রয়েছে। এ ছাড়া প্রেমাদাসা স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বিশেষায়িত গ্রাউন্ড স্টাফ প্রোটোকল, যা কলম্বোর ভারী বর্ষণ সামাল দেওয়ার জন্য পরিকল্পিতভাবে প্রস্তুত। অনেক আন্তর্জাতিক ভেন্যুতে যেখানে কেবল পিচ ঢেকে রাখা হয়, সেখানে প্রেমাদাসা স্টেডিয়ামে পুরো খেলার মাঠ সুরক্ষিত রাখার মতো পর্যাপ্ত কভার রয়েছে। ফলে আউটফিল্ড শুরুতেই পানি শোষণ করে ভিজে যাওয়ার ঝুঁকি কমে যায়।

শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ হোট এটিই চাইবে ক্রিকেট ভক্তরা।

/টিই/