শিরোনাম

আক্রমণাত্মক খেলেই মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আক্রমণাত্মক খেলেই মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান আনিকা রানিয়া সিদ্দিকী। ছবি: বাফুফে

সাফ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে গতকাল দুর্বল দল মালদ্বীপের মুখোমুখি হয়েছে তারা। জয় যে বাংলাাদেশ দলই পাবে তা আগেই অনুমান করা গিয়েছিল। কিন্তু সেই সাফল্য সহজে আসেনি। অনেক ঘাম ঝরিয়ে মালদ্বীপকে হারাতে হয়েছে। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নারী দল চলে গেছে সেমিফাইনালে। তবে আক্রমণাত্মক খেলেই জয় পেয়েছে বাংলাদেশ।

গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নারী দল মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি শেষ চারে জায়গা পাকাপাকি করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে স্বাগতিক ভারতের কাছে ১১-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে মালদ্বীপ।

মালদ্বীপের বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডও ধরে রেখেছে বাংলাদেশ। এবার গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মে ভারতের বিপক্ষে। সেই ম্যাচের জয়ী দলই সহজ প্রতিপক্ষ পাবে সেমিফাইনালে।

বাংলাদেশের জন্য ম্যাচের শুরুটা ছিল অসাধারণ। খেলা শুলুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করেন সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। ঋতুপর্ণা চাকমার নিচু ক্রস থেকে বল জালে পাঠিয়ে টুর্নামেন্টের দ্রুততম গোলগুলোর একটি উপহার দেন তিনি। একাধিক সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান বাড়াতে কিছুটা ভুগছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেহলা মারমা।

তবে ম্যাচের ধারার বিপরীতে ফিরে আসে মালদ্বীপ। মাঝমাঠে বাংলাদেশের ভুল থেকে বল পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে চমৎকার একটি শট নেন মারিয়া নুরা। বল ক্রসবারের নিচে লেগে গোললাইনের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ অনিশ্চয়তার পর সহকারী রেফারি গোলের সংকেত দিলে ব্যবধান কমায় মালদ্বীপ।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। কিন্তু ৫৭তম মিনিটে আবারও চমকে দেয় মালদ্বীপ। খুব দ্রুত পাল্টা আক্রমণ থেকে নিচু শটে গোলরক্ষক মিলি আক্তারকে ফাঁকি দিয়ে বল জালে ঢুকিয়ে দেন আমিনাথ ফাজলা।

সমতায় ফেরার পর ত্ৎাক্ষণিক পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। দ্বিতীয়ার্ধের শুরুতেই নামান সৌরভী আকন্দ প্রীতি ও সাগরিকাকে। পরে মাঠে আসেন শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। কোচের এই পরিবর্তনই ম্যাচ ঘুরিয়ে দেয়।

৬৪তম মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ঋতুপর্ণার বিপজ্জনক ক্রস মালদ্বীপ গোলরক্ষক ফাতিমাথ সাওসান ঠিকভাবে ধরে রাখতে না পারলে খুব কাছ থেকে বল জালে ঠেলে দেন সৌরভী আকন্দ প্রীতি।

শেষ দিকে এসে নিজের নজরকাড়া পারফরম্যান্সে আরেকবার ছাপ রাখেন ঋতুপর্ণা চাকমা। যোগ করা সময়ে তার নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন কহাতি কিসকু। তাতেই ৪-২ গোলের তাক লাগানো এক জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

/বিবি/