শিরোনাম

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি

নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি
হজ শেষে দেশে ফিরছেন হাজিরা।

পবিত্র হজ পালন শেষে শনিবার (৬ জুন)পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সবশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৩৭ হাজার ৪৩৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন রয়েছেন। আর ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইন্স ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে।

এখন পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪টি, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। হজযাত্রীদের ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন।

এছাড়া, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৭ হাজার ২০২ জন হাজিকে চিকিৎসা দিয়েছে। মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক সেবা দিয়েছে ২৬ হাজার ৩৫ জন হাজিকে।

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজযাত্রার কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।

গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। এটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

/এসবি/