শিরোনাম

দানে সম্পদ বাড়ে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দানে সম্পদ বাড়ে
দানের প্রতীকী ছবি

দান করার দুটি দিক রয়েছে, একটি পাপের ও অপরটি পুণ্যের, একটি কল্যাণের ও অপরটি অকল্যাণের। একটির মাধ্যমে মানবকল্যাণ, সমাজকল্যাণ ও সৃষ্টিকল্যাণ হয়ে থাকে। আর অপরটির মাধ্যমে অকল্যাণ হয়ে থাকে। শুধু সেই দান পুণ্য নিয়ে আসে, যা আল্লাহর পথে প্রদান করা হয়।

দানে রিজিক বৃদ্ধি পায়: যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, তাহলে আল্লাহতায়ালা তাকে প্রচুর প্রতিদান প্রদান করেন। তার রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহতায়ালা বলেন, 'আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান-খয়রাতকে বর্ধিত করেন।'(সুরা বাকারা : ২৭৬)।

বিপদ হতে মুক্তি মেলে: মানুষের অন্যায়, অনাচার ও পাপাচারের কারণে আল্লাহতায়ালা অসন্তুষ্ট হন। আর পরাক্রমশালী আল্লাহর অসন্তুষ্টি হতে নিষ্কৃতি পাওয়া ছাড়া উপায় নেই। দান-খয়রাতের মাধ্যমে বিপদাপদ ও বালা-মসিবত দূর হয়। সঙ্গে সঙ্গে অকাল মৃতুও রোধ হয়। রাসুল (সা.) বলেন, 'দান-খয়রাত আল্লাহতায়ালার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং মন্দ মৃত্যু রোধ করে।' (তিরমিজি : ৬৬৪)।

পাপ মোচন হয়: প্রাত্যহিক জীবনে আমাদের অন্যায়-অপরাধ, ভুল-ভ্রান্তি ও পাপ-পঙ্কিলতা হয়েই যায়। এসব পাপের ক্ষতি ও পরিণতি হতে নিষ্কৃতি পাওয়ার অন্যতম উপায় হলো, আল্লাহর পথে দান করা। মহান আল্লাহ বলেন, 'যদি তোমরা প্রকাশ্যে দান-খয়রাত করো, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম। আল্লাহ তোমাদের কিছু গোনাহ দূর করে দেবেন। তিনি তোমাদের কাজকর্মের খবর রাখেন।' (সুরা বাকারা : ২৭১)। রাসুল (সা.) বলেন, 'হিংসা বা পরশ্রীকাতরতা নেক আমলগুলো খেয়ে ফেলে, যেমন আগুন জ্বালানি কাঠ খেয়ে ফেলে।

দানের প্রতিদান সাতশ গুণ: আল্লাহর পথে এক টাকা দান করা হলে ৭০০ টাকা দান করার সওয়াব পাওয়া যায়। এমন কী আরও বহুগুণ বৃদ্ধি করে দেওয়ার প্রতিশ্রুতি কোরআন-হাদিসে উচ্চারিত হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘যারা আল্লাহর পথে স্বীয় ধন-সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো; যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশত করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা : ২৬১)। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবে, তার জন্য সাতশত গুণ সওয়াব লেখা হবে।’ (সুনানে নাসাঈ : ৩১৮৬)।

আল্লাহর ছায়ায় আশ্রয় লাভ: দানকারী ব্যক্তি সবচেয়ে বড় যে পুরস্কার পাবে, তা হলো- আল্লাহতায়ালার ছায়াতলে অবস্থান করার সুযোগ। রাসুল (সা.) বলেন, ‘যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহতায়ালা সাত প্রকার মানুষকে সেই ছায়ায় আশ্রয় দান করবেন। তার একজন সেই ব্যক্তি, যে গোপনে এমনভাবে দান করে যে, তার ডান হাত যা দান করে, বাম হাত তা জানতে পারে না।’ (বোখারি : ১৪২৩)।

/এসআর/