শিরোনাম

হজযাত্রীদের জন্য জরুরি বার্তা

সিটিজেন ডেস্ক
হজযাত্রীদের জন্য জরুরি বার্তা
হজযাত্রী। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আইন ও হজ নির্দেশিকা মেনে চলার বিষয়ে হাজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি হজযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকাতে আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় পড়ে কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না। এছাড়া সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যেকোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।’

২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে।

এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, ‘অতীতে বারবার সতর্ক করার পরও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এ বিষয়ে হজযাত্রীদের আরও দায়িত্বশীল হতে হবে।’

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) বলেন, ‘কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সৌদি আরবের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালনে জটিলতা তৈরি হতে পারে, এমনকি হজের সুযোগও হারানোর ঝুঁকি থাকে।’

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবগামী যাত্রা শুরু হবে।

/জেএইচ/