শিরোনাম

পবিত্র রমজান মাসের চাঁদ কোন দিন দেখা যেতে পারে

পবিত্র রমজান মাসের চাঁদ কোন দিন দেখা যেতে পারে
ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক দেশে আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী ওই দিন আরব বা ইসলামি বিশ্বের কোনো অংশ থেকেই রমজানের চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের সব অঞ্চল থেকেই খালি চোখে, দুরবিনে বা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও রমজানের চাঁদ দেখা অসম্ভব।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। মধ্যাঞ্চলে সূর্য ও চাঁদ প্রায় একই সময়ে অস্ত যাবে। আর পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই স্বল্প সময় চাঁদের দৃশ্যমান চিকন আকৃতি গঠনের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আইএসি জানায়, সংযুক্ত আরব আমিরাতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদের নিচের প্রান্ত অস্ত যাবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে চাঁদ অস্ত যাবে। তাবুক অঞ্চলে সূর্যাস্তের সময়ই চাঁদ অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব হবে মাত্র এক ডিগ্রি।

মিসরের কায়রোতে সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর চাঁদ অস্ত যাবে। তবে এসব অবস্থানেও চাঁদ দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এ কারণে আরব আমিরাত, সৌদি আরব ও অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এসব দেশে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন হিসেবে গণনা হতে পারে।

মুহাম্মদ শওকত ওদেহ এ সময় চাঁদ দেখা নিয়ে সম্ভাব্য ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভুল খবরের কারণে অনেকেই বিভ্রান্ত হতে পারেন।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া ও আফ্রিকার কিছু অংশে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আবহাওয়া ও স্থানীয় চাঁদ দেখার মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজান শুরু হতে পারে ১৯ বা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

/এসএ/