শিরোনাম

সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৯৪১ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৯৪১ হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ (রবিবার) সকাল ১০টার মধ্যে ৮৭টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

পরিচালক আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি হজযাত্রীরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে আসবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। যা ১ জুলাই পর্যন্ত চলবে।

/এফআর/