দৈনন্দিন জীবনের জন্য ৫টি গুরুত্বপূর্ণ দোয়া

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দৈনন্দিন জীবনের জন্য ৫টি গুরুত্বপূর্ণ দোয়া
প্রতীকী ছবি

মুসলমানদের জন্য দৈনন্দিন জীবনে স্বাভাবিক ছোট ছোট কাজেও রয়েছে সওয়াব। এজন্য কিছু দোয়া আমল করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময় ও পরিস্থিতির জন্য সাহাবিদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন। যানবাহনে ওঠা, মসজিদ ও ঘরে প্রবেশ করা এবং বের হওয়ার জন্যও রয়েছে দোয়া। এসব ইবাদাতের জন্য বান্দার জন্য রয়েছে পুরস্কার। হাশরের ময়দানে এগুলো নেক আমল হিসেবে যুক্ত হবে।

দৈনন্দিন কিছু কাজের দোয়া ও এর ফজিলত তুলে ধরা হলো-

যানবাহনে ওঠার দোয়া

বান্দার প্রতিটি কাজের জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা তার নিকটই ফিরে যাবে। যানবাহনে ওঠার সময় নির্দিষ্ট দোয়া পড়তে হয়। সেটা হলো-

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।

অর্থ: তিনি পূতপবিত্র, যিনি এ বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন। অথচ এটি আয়ত্তে আনার ক্ষমতা আমাদের ছিল না। আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। (সুরা যুখরুফ, আয়াত ১৩-১৪)

ফজিলত: যানবাহনে ওঠার সময় এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেইসঙ্গে তার কাছে ফিরে যাওয়ার কথা স্মরণ করা হয়।

মসজিদে প্রবেশের দোয়া

মসজিদে প্রবেশ করার সময়ও মহান আল্লাহর নিকট রহমত কামনা করতে হবে। এতে তিনি বান্দার প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে পারেন। মসজিদে প্রবেশের সময় মহানবী (সা.) আল্লাহর রহমত কামনা করে এই দোয়া পড়তেন।

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।

অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। (আবু দাউদ, হাদিস :৪৬৬।)

মসজিদ থেকে বের হওয়ার দোয়া

শুধু মসজিদে প্রবেশের নয়, বের হওয়ার জন্যও রয়েছে আমল। মহানবী (সা.) মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর অনুগ্রহ কামনা করে এই দোয়া পড়তেন।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিক।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। (আবু দাউদ, হাদিস: ১২৬)

ঘরে প্রবেশের দোয়া

নিজ বা অন্য কারও ঘরে প্রবেশের জন্যও আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হয়।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। (আবু দাউদ, হাদিস: ৫০৯৬)

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে প্রবেশ ও প্রস্থানের কল্যাণ প্রার্থনা করছি। আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম এবং আল্লাহর নামেই বের হলাম। আর আমাদের রব আল্লাহর ওপরই আমরা ভরসা করলাম।

ঘর থেকে বের হওয়ার দোয়া

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে বের হলাম। আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। (তিরমিজি, হাদিস ৩৪২৬)

/জেএইচ/