শিরোনাম

নির্বাচনে কারচুপির আশঙ্কা করছি: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে কারচুপির আশঙ্কা করছি: মির্জা আব্বাস
মির্জা আব্বার। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় নেই। যারা এখন বিএনপিকে ক্ষমতাসীন ধরে নিয়ে বিএনপি'র বিরুদ্ধে কথা বলছে, অথচ ক্ষমতায় আছে ওরা-ই, যারা আজকে কথা বলছে। জামায়াতে ইসলাম এবং তাদের বাচ্চারা আজকে ক্ষমতায় আছে। আমি মারাত্মকভাবে এই নির্বাচনে কারচুপির আশঙ্কা করছি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে অবস্থিত মোতালেব প্লাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটি চক্র ভোটকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই চক্রটি কিন্তু নতুন নয়। এই শকুনের একটা দল ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নেয়নি। এখনো পর্যন্ত এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে মেনে নিতে পারছে না। তারা সকাল-সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং অকথ্য ভাষায় কথা বলছে।

তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, জামায়াত এবং বিশেষ কিছু মহলের লোকজন বসে আছে। যারা বিএনপিকে পছন্দ করে না। বিএনপিকে পছন্দ না করার কারণ হলো- বিএনপি হচ্ছে একটি জাতীয়তাবাদী দল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটা আওয়ামী লীগের সহ্য হতো না। এখন যারা আছে, তারাও এটা মানতে চায় না। কারণ তারা ভাবতে চায়, এদেশ স্বাধীন নয়।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। একটি দল বিদেশিদের সাথে চুক্তি করে ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাদের মুখের যে নোংরা ভাষা, সেটা আমরা ব্যবহার করতে পারি না। এতো বছরের রাজনৈতিক জীবনে এ ধরনের ভাষা আমি কখনো শুনিনি।

/টিই/