শিরোনাম

পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে: তাসনিম জারা
ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, নির্বাচনের দিন তাদের নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা ভেতর থেকে বের করে দেওয়া হচ্ছে। তার ভাষ্য, বানোয়াট কিছু নিয়ম দেখিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, কাউকে বলা হচ্ছে, তিনি ওই এলাকার ভোটার নন– তাই থাকতে পারবেন না। এটা কোনো নিয়ম নয়। আবার পুরুষদের কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কোথাও বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না; কোথাও বলা হচ্ছে, ফোন নেওয়া যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না।

তাসনিম জারা অভিযোগ করেন, তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হলেও ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এটি গ্রহণযোগ্য না। এজেন্টদের বাইরে রেখে ভেতরে ভোট হচ্ছে।

কতটি কেন্দ্র থেকে এমন অভিযোগ এসেছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাসনিম জারা জানান, অনেকগুলো কেন্দ্র থেকেই তারা এ ধরনের অভিযোগ পাচ্ছেন।

/এসএ/