শিরোনাম

মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক
মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
মাহফুজ আলম ছবি:সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে ‘অলটারনেটিভস’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য এই প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের কথা জানানো হয়। ওই রাতেই এই প্ল্যাটফর্মের ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি (জাতীয় সাংগঠনিক কমিটি) ঘোষণা করা হয়। এই কমিটিতে সাবেক এনসিপি নেত্রী তাজনূভা জাবীনও আছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।

নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন; জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা।

/বিবি/