শিরোনাম

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে লাঞ্ছিত রুমিন ফারহানা

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে লাঞ্ছিত রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। পরে তার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুমিন ফারহানা।

প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। তিনি ও তার কর্মী-সমর্থকেরা পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদীর সামনে অবস্থান করছিলেন।

পুষ্পস্তবক অর্পণের আগমুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা আনোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে তিনি এলাকা ত্যাগ করেন।

রুমিন ফারহানা দাবি করেন, বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তার ভাষ্য, ভিডিও ফুটেজে ঘটনাটি স্পষ্ট দেখা যাচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। যারা দলের পদ ব্যবহার করে সহিংসতা করছে, তাদের বিরুদ্ধে দলের উচ্চপর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এসএ/