শিরোনাম

শহীদ মিনারে সাদিক-ফরহাদদের শ্রদ্ধা, ফেসবুকে সর্ব মিত্র চাকমার ক্ষোভ

শহীদ মিনারে সাদিক-ফরহাদদের শ্রদ্ধা, ফেসবুকে সর্ব মিত্র চাকমার ক্ষোভ
কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদেক কায়েম ও এজিএস ফরহাদ। ছবি: সিটিজেন জার্নাল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সদস্যরা। তবে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে ছাত্র সংসদের সব সদস্যকে না জানানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। পোস্টের সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের লাইভ সম্প্রচার থেকে নেওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের একটি স্ক্রিনশটও শেয়ার করেন।

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

রাত ১২টা ৪৮ মিনিটে দেওয়া ওই পোস্টে সর্ব মিত্র চাকমা জানান, ডাকসুর সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে– এ তথ্য তিনি ও কয়েকজন ডাকসুর সদস্য বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার দেখেই জানতে পেরেছেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা শহিদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকেও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা শহিদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন।

/এসএ/