শিরোনাম

চসিক নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

চট্টগ্রাম সংবাদদাতা
চসিক নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের
শামসুজ্জামান হেলালী। কোলাজ: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মনোনয়ন পেয়েছেন সাবেক কাউন্সিলর ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী। মঙ্গলবার (২১ এপ্রিল) জামায়াতের চট্টগ্রাম নগর শাখার প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল সোমবার জামায়াতের চট্টগ্রাম নগর শাখার শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, নগর শাখার সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহসহ নগর কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এসময় সবার মতামতের ভিত্তিতে শামসুজ্জামান হেলালীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শামসুজ্জামান হেলালী সর্বশেষ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে থেকে জামায়াতের প্রার্থী ছিলেন। তবে বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন তিনি। এর আগে, ২০১০ সালের চসিক নির্বাচনে ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন শামসুজ্জামান হেলালী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জানান, ‘হেলালীকে সবার মতামতের ভিত্তিতে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।’

/এফআর/