শিরোনাম

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই
মোশারফ হোসেন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মৃত্যুবরণ করেছেন। শনিবার (২০ জুন) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার (২১ জুন) আছর নামাজের পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন মোশারফ হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ রাজনীতিবিদ মোশারফ হোসেন মুক্তিযুদ্ধকালীন জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

/এফসি/