অন্যের রাজনীতির ঘুঁটি নয়, আলেমদের নিজের রাজনীতি গড়ার আহ্বান হাসনাতের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অন্যের রাজনীতির ঘুঁটি নয়, আলেমদের নিজের রাজনীতি গড়ার আহ্বান হাসনাতের
‘তুরাস’-এর প্রথম সংখ্যার (উত্তরাধিকার, পর্ব-১) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

ভোটের সময় রাজনীতিকেরা বেশি ইসলামপন্থী হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন এনসিপির এই সংসদ সদস্য।

ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের বেশি ইসলামপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আলেমদের অন্যের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের সময় রাজনৈতিক নেতারা একটু বেশি কৃষক কিংবা একটু বেশি আলেম হয়ে ওঠেন। এর মধ্য দিয়ে তাঁরা বিশেষ একটি বার্তা দেওয়ার চেষ্টা করেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আলেমদের দীর্ঘমেয়াদে নিজস্ব রাজনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তরুণ আলেমদের উদ্দেশে হাসনাত বলেন, ‘দীর্ঘ মেয়াদে আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। আমরা যেন আরেকজনের রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহৃত না হই, আরেকজনের গেমের (খেলা) ঘুঁটি যেন আমরা না হই। বরং আমরা যেন নিজস্ব গেমের প্লেয়ার (খেলোয়াড়) হতে পারি।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও পরবর্তী আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত পত্রিকা ‘তুরাস’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটি প্রকাশ করেছে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

আলেমদের মূলধারার পেশায় আসার আহ্বান

অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৮ সালের নির্বাচন-পরবর্তী সময়ে আলেম-ওলামারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছিলেন। তবে এসব ঘটনা নিয়ে উল্লেখযোগ্য একাডেমিক গবেষণা হয়নি। এ ক্ষেত্রে ‘তুরাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলেমদের পেশাগতভাবে বহুমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় আলেমদের এগিয়ে আসা প্রয়োজন। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে তাঁদের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ না থাকলে দেশে অন্য ধর্মের মানুষেরা নিরাপদ থাকবেন না, এমন প্রচার করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়ে আলেম-ওলামারা সেই প্রচারণার অসারতা প্রমাণ করেছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, মাদ্রাসাশিক্ষা ও আলেম-ওলামাদের উগ্রবাদী কিংবা প্রতিক্রিয়াশীল হিসেবে তুলে ধরার যে চেষ্টা রয়েছে, তা ভুল প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে। অন্য ধর্মের মানুষেরা যাতে নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি পালন করতে পারেন, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আসন্ন দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম গড়ার তাগিদ

আলেমদের বিরুদ্ধে ভিন্নমত সহ্য করতে না পারার অভিযোগ যেন প্রতিষ্ঠিত না হয়, সে জন্য আচরণ ও কর্মকাণ্ডে সহনশীলতার পরিচয় দেওয়ার পরামর্শ দেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ৫ আগস্টের পর ভিন্নমতের মানুষের সঙ্গে বিতর্ক ও আলোচনা হবে। তবে মতপার্থক্য যেন অসহিষ্ণুতায় রূপ না নেয়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য আলেমদের নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রয়াত জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব, হেফাজতে ইসলামের পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, প্রথম আলোর ধর্ম বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক মনযূরুল হক, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদী ও সদস্যসচিব সানাউল্লাহ খান।

পরে হাসনাত আবদুল্লাহসহ এনসিপি ও ওলামা অ্যালায়েন্সের নেতারা ‘তুরাস’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

/এমআর/