শিরোনাম

একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না বিএনপি: মির্জা ফখরুল

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না বিএনপি: মির্জা ফখরুল
মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই, সংগ্রাম করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্ত বিএনপি লড়াই করেছে।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।’

তিনি বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারাতো গণতন্ত্রই বিশ্বাস করে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। দুই দেশের মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।’

এর আগে মির্জা ফখরুল স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই তিন মাস সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।’

তিনি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থলে সেতু নির্মাণ করা হবে।’ এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।

এর আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় আসেন এবং তিনি স্থানীয়দের দীর্ঘ দিনের নানা দুর্ভোগ ও দুর্দশার খোঁজ নেন। পরে মন্ত্রী উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।

/এসআর/