শিরোনাম

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির ৭ শতাধিক ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির ৭ শতাধিক ফরম বিক্রি
বিএনপির দলীয় পতাকা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। দলের নারী প্রার্থীদের চূড়ান্ত করতে কাজ শুরু করছে বিএনপি। দলটির ৩৬টি আসনের বিপরীতে ইতোমধ্যে সাত শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, তাদেরই সংরক্ষিত আসনে দল বাছাই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির দলীয় সূত্রে জানায়, গতকাল শুক্রবার সংরক্ষিত মহিলা আসনের জন্য ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। প্রথমদিনই প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়ে যায়। আগ্রহী প্রার্থীরা আগামীকাল রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

মনোনয়ন বিক্রি কার্যক্রম নিয়ে শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘যারা প্রার্থী হতে ইচ্ছুক, তাদের মনোনয়ন ফরম বিতরণ করছি। সেটি তারা পূরণ করে ডকুমেন্টসহ আমাদের কাছে জমা দেবেন।’

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘দীর্ঘ ১৬/১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আমরা আজকে এ জায়গায় উপনীত হয়েছি। তাই এবারের প্রত্যাশা অনেক বেশি। আমার বিশ্বাস, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে–সংরক্ষিত নারী আসনে দল তাদেরই বাছাই করবে।’

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতি ছয়জন সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে ৩৬টি আসন পাবে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।

প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোট নির্বাচিত হন না। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ সদস্যদের ভোটে তাদের নির্বাচিত করা হয়।

/এফআর/