শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। শনিবার (১১ এপ্রিল) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে জাতীয় পার্টির নেতা কর্মী, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক হত্যাসহ যে সব মামলা হয়েছে, সেগুলো দ্রুত প্রত্যাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান আনিসুল ইসলাম মাহমুদ।

এছাড়া দেশের জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সারা দেশে শিশুদের হামের টিকা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

/টিই/