শিরোনাম

কুষ্টিয়ায় ওপরওয়ালা এখন আমি: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত

নিজ সংসদীয় এলাকার সরকারি হাসপাতালগুলোর অনিয়ম প্রসঙ্গে ‘ওপরওয়ালা এখন আমি’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, মেডিকেল এবং সদর (হাসপাতাল) নিয়ে কিছু লিখিত অভিযোগ আছে। এগুলো আমি সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারা (কুষ্টিয়া জেনারেল হাসপাতাল) প্রথমে ভুল স্বীকার করেছে, এমনকি মাফও চেয়েছে। আসলে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ওপরওয়ালার দোষ রয়েছে। বলেছি, ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন।

এ সময় এক সাংবাদিক অভিযোগ করেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের ঠিকমতো পাওয়া যায় না, অথচ বেসরকারি ক্লিনিকে তারা রাত পর্যন্ত রোগী দেখেন। জবাবে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, দালালদের এবং বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয়, আরও কিছু হাত আছে– এই হাতগুলোর কথা গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি, দুই নম্বরি কেউ যদি করতে চায়, সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এ বিষয়ে বলা আছে, আপনারা ওনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখব।

তিনি আরও বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল তাদের আবেগের জায়গা। এটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে বৈঠক হয়েছে। দীর্ঘ দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা করেছি। কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দোয়া করবেন, আগামী কিছুদিনের মধ্যে অন্তত একটি সুখবর শুনতে পারবেন।

এদিকে তার এ বক্তব্য বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ভোর ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আমির হামজা তাকে নিয়ে কোথাও ‘মিডিয়া ট্রায়াল’ বা কটূক্তি হলে সমর্থকদের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান। তিনি লেখেন, খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না। সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা চুপ থাকবেন। আমার বিরুদ্ধে মিডিয়া টুইস্টেড করে যেসব নিউজ করে, সেটার জন্য আল্লাহই যথেষ্ট। আমি বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার ওপর সত্য বিজয়ী হবে।

/এসএ/