শিরোনাম

সরকার মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সংবাদদাতা
সরকার মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ভারত থেকে যে পুশ ইনের ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। ভারতের সঙ্গে রয়েসয়ে কথা বলে সরকার। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে সার্বভৌমত্ব রাজনীতি ছিল, সেটার বিরুদ্ধে গিয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে সরকার।

শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। দেশ সংস্কারের পক্ষে ৭৫ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার সেই সংস্কার বাস্তবায়ন করছে না। আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি। বিএনপি সরকার যদি এই ৭৫ পার্সেন্ট মানুষের সঙ্গে বেইমানি করে তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।

তারেক রহমানকে উদ্দেশে তিনি বলেন, ‘মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন। ভারতীয় আধিপত্যের কাছে মাথানত করবেন না, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। শেখ হাসিনার বিচার করুন ও সার্বভৌমত্ব রক্ষা করুন।’

এনসিপি নেতা বলেন, ‘বাগেরহাট সুন্দর জায়গা, কিন্তু উন্নয়ন খুবই নাজুক অবস্থায় রয়েছে। এখানে শিক্ষা ও চিকিৎসার অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, বাগেরহাটে একটি শেখ পরিবারের রাজত্ব ছিল, শেখের নাম বিক্রি করেছে কিন্তু কোনো উন্নয়ন হয়নি। বাগেরহাটবাসীকে অভিনন্দন, আপনারা শেখ সন্ত্রাসীদের হাত থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন।’

/এসআর/