শিরোনাম

বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি

লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সংবাদদাতা
বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি
লক্ষ্মীপুরে এক সভায় বক্তব্য রাখেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিরোধীদল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল।’

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় ‘এসডিএফের বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা ১৭ বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এ রক্ষাকে সুরক্ষা করা। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা লাগবে।’

মন্ত্রী বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি। আমাদেরকে সহযোগিতাও করেনি।

তিনি বলেন, এখন বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবে, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে, সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। সেই জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

/এসআর/