শিরোনাম

জনগণ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
জনগণ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১৯৭১ সালে জামায়াতে ইসলাম আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। আমাদের মা-বোনদের সম্ভম বিনষ্ট করেছিল। এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শিবগঞ্জে আয়োজিত এক সংবর্ধনায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিকভাবে এগোতে চাই। এর অর্থ এই নয় যে, আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন। দেশের মানুষ তা করতে দেবে না।

তিনি বলেন, দেশে কিছু গোষ্ঠী/ দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এটা একটা বিশাল সংস্কার ছিল। তিনি মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেনশিয়াল ফর্ম অফ গভমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্ট নিয়ে এসেছেন। তিনি মেয়েদের শিক্ষার জন্য ক্লাস টুয়েলেভ পর্যন্ত তিনি অবৈতনিক করেছেন। আজকে আমার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন মেয়েদের ডিগ্রি পাস করতে কোনো বেতন দিতে হবে না।

তিনি বলেন, তারেক রহমানের দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে। তিনি মাত্র তিন মাসের মধ্যে দেশের আমুল পরিবর্তনের কাজে হাত দিয়েছেন। বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কাজ শুরু করে দিয়েছেন তিনি। ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন। খাল খননের কাজ শুরু করেছেন।

/এসবি/