দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে: শামা ওবায়েদ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে: শামা ওবায়েদ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিরোধী দল কাঙ্ক্ষিত গঠনমূলক ভূমিকা পালন না করতে পারলে, সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। এমন অবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসলে তার সম্পূর্ণ দায় গুপ্ত জামায়াতকেই নিতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ মন্তব্য করেন। স্থানীয় এমএন একাডেমি মাঠে ওই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘গত ১৭ বছর ধরে আমরা চরম নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম ও খুন দেখেছি। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে যখন স্বৈরাচারকে পরাজিত করা হয়েছে এবং দেশ যখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই আবার পরাজিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়ে শামা ওবায়েদ বলেন, দলের ভেতর যেন কোনো সুযোগসন্ধানী বা স্বৈরাচারী অপশক্তি অনুপ্রবেশ করে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া যারা বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে আড়াল করতে কিংবা তাদের অপমান করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান বরাবরের মতোই অটল থাকবে।

এর আগে দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/বিবি/