শিরোনাম

রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলমসহ অন্যরা

দেশের রাজনৈতিক ও কাঠামোগত সংস্কার, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সার্বভৌমত্ব, শ্রম ও শিক্ষা খাতের সংস্কার এবং পরিবেশ সুরক্ষাসহ ৯ দফা দাবি জানিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীতে আয়োজিত ‘দেশের অবস্থা’ শীর্ষক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম এই ৯ দফা দাবি ঘোষণা করেন।

অল্টারনেটিভসের ৯ দফা দাবির মধ্যে রয়েছে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের রূপরেখা প্রণয়ন এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য কমানো। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, গুম-খুন ও নিপীড়নের শিকারদের ন্যায়বিচার, জ্বালানি সার্বভৌমত্ব, স্বাস্থ্য ও শ্রম খাতের সংস্কার, শিক্ষা কমিশন গঠন এবং পরিবেশ সুরক্ষার দাবি জানানো হয়। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটি।

সংবাদ সম্মেলনে মাহফুজ আলম বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ ও জনগণের সাহসী লড়াইয়ের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হলেও মোটাদাগে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। এ অবস্থায় স্বাধীনভাবে কথা বলা, সংগঠিত হওয়া, প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অল্টারনেটিভসের অন্য সংগঠক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

/এমআর/