আ.লীগের দ্বারাই আগুন সন্ত্রাস সম্ভব: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগের দ্বারাই আগুন সন্ত্রাস সম্ভব: সমাজকল্যাণ মন্ত্রী
আলোচনা সভায় বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

আওয়ামী লীগের দ্বারাই আগুন সন্ত্রাস সম্ভব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘হোটেল শেরাটনের সামনে আপনারা (আওয়ামী লীগ) পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তবে আপনারা এখন এমন কোনো কাজ করবেন না যে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করাই বন্ধ করে দেয় জনগণ।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব)।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপিকে যারা তুচ্ছতাচ্ছিল্য করেছে, তারা হারিয়ে গেছে বা পালিয়ে গিয়েছে। তবে, বিএনপি কখনো পালাইনি এবং পালাবেও না। বিএনপির শেষ ঠিকানা হচ্ছে এদেশের জনগণ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে জনগণের স্বাস্থ্য নিশ্চিত করা। স্বাস্থ্যখাতের সাথে জড়িত সব মানুষের মধ্যে মানসিক উদ্দীপনা সৃষ্টি করতে না পারলে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে না। এই সরকার জনগণের সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবন-যাপন দিতে অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার পূরণ করতে হলে সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।’

ডি-ম্যাবের নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদের যে নিয়োগ বিধি ও দশম গ্রেডের মধ্যে যে সমস্যা, তা দূর করার চেষ্টা করবো। আমাদের প্রধানমন্ত্রী কোনো বৈষম্য পছন্দ করেন না। তাই আপনাদের যোগ্য চাওয়া আমরা পূরণ করবো।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন গ্রেডে ও বিভিন্ন পদে এক লাখ স্বাস্থ্যকর্মী এই বছরের মধ্যে নিয়োগ হবে। এছাড়াও, প্রাইভেট সেক্টরেও কিন্তু প্রচুর জনবল নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের সকল উপজেলায় ১৫১ শয্যা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স তৈরি করা হবে।’

আলোচনা সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, ‘এক বছর আগে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) প্রতিষ্ঠা হয়েছিল। এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই আলোচনা সভায় একটা বিষয় বলতে চাই, এই দেশের গরীব অসহায় মানুষেরা বড় ডাক্তারদের কাছে পৌঁছাতে না পারলে আপনাদের কাছে যায় চিকিৎসা নিতে। প্রধান অতিথির কাছে আমার দাবি, যেসব পদে ফ্যাসিস্টরা বসে আছে এবং যেসব পদ খালি আছে সেসব জায়গায় দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হোক।’

ডি-ম্যাবের আহ্বায়ক মো. শহিদুল্লা সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হামিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম প্রমুখ।

/এফআর/