শিরোনাম

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

নিজস্ব প্রতিবেদক
এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মী। ছবি: সিটিজেন জার্নাল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, জামায়াত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। শেষ মুহূর্তে জনগণ যদি মনে করে তাহলে দেশের স্বার্থে জোটগত নির্বাচন হতে পারে।

তিনি বলেন, গত এক বছরে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। অনেক বন্ধুর পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। আমরা পর্যাপ্ত সময় পেলে আসন সংখ্যা ৬ থেকে বাড়তে পারত। এজন্য আমরা সবার আগেই স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যক্রম শুরু করেছি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির এই নেতা।

এ সময় বিএনপি সরকার দলীয় তোষামোদকারীদের সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ সারজিস আলম।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।

/জেএইচ/