বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়
সমাবেশে বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা রাজপথে ছিলাম, রাজপথেই থাকব। কারণ রাজপথে আমাদের মানায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। অনেকে স্বজন হারিয়েছেন। অনেক রক্তের বিনিময়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতি থাকলে ষড়যন্ত্রও থাকবে। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করার পর এখন ঘরে ফিরে গেছেন– এমন ধারণা থেকে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের প্রচেষ্টা ‘ফলস কল’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা আসবে বলে যারা ‘ফটকাবাজি’ ও ‘ধাপ্পাবাজি’ করছে, তাদের আটকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমাল ও চলাচলের পথ নিরাপদ রাখার দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আইনশৃঙ্খলার বিষয়টি নিজেদের হাতে তুলে নিতে চাই না। যারা দায়িত্বে আছেন, তাদের সঠিকভাবে সেটা প্রয়োগ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিবাদ দেশের বাইরে আছে, ভেতরেও আছে। দলের মধ্যে বা সরকারের মধ্যে ফ্যাসিবাদের কোন দোসর আছে কি না, সেদিকেও নজর রাখতে হবে।

/এফআর/