শিরোনাম

মুন্সিগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সিগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
মুন্সিগঞ্জ সদরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছবি: সিটিজেন গ্রাফিক্স

মুন্সিগঞ্জে সদরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ভোটকেন্দ্র পরিদর্শন করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে পূর্ব রাখীরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের (ফুটবল প্রতিকের) সমর্থকরা। এ সময় বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকরা কথা কাটাকাটির জেরে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ওপর। এতে দুইপক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ। এ সময় ভাঙচুর চালানো হয় ভোট কেন্দ্রের ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা.মাসুদুর রহমান জানান, আহতদের মধ্যে তিনজনের মাথায় ও ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একজনের ডান হাত ভেঙে যাওয়া অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়।

/টিই/