শিরোনাম

ঢাকার ১৪টি আসনে দুই দিনে জনসভা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ১৪টি আসনে দুই দিনে জনসভা করবেন তারেক রহমান
নীলফামারী হাই স্কুল বড় মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সারা দেশের বিভিন্ন এলাকায় প্রচার শেষ করে ঢাকার ১৪টি আসনে দুই দিনের জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার ও সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এসব জনসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী আসনে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। রোববার তিনি নিজের নির্বাচনী এলাকাসহ উত্তরের ছয়টি আসনে এবং পরদিন সোমবার নিজের নির্বাচনী এলাকা ও দক্ষিণের সাতটি আসনে জনসভা করবেন।

রবিবার তারেক রহমান নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসন থেকে প্রচার শুরু করবেন। দুপুর ২টায় ইসিবি চত্বরে জনসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে, বিকাল সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর গোলচত্বরসংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভা হবে।

একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাতারপুরে জনসভা করবেন তিনি।

সোমবার দ্বিতীয় দিনের জনসভা শুরু হবে সকাল ১১টায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোডে জনসভা হবে।

দুপুর ২টায় ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে, বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোডে এবং বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে জনসভা করবেন তারেক রহমান। শেষ জনসভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে।

বিএনপি জানায়, ঢাকার বাইরে নির্বাচনী প্রচারে সর্বশেষ উত্তরের জেলা নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নিয়েছেন তারেক রহমান।

/এসএ/