শিরোনাম

নির্বাচনে সবচেয়ে ধনী ১০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে সবচেয়ে ধনী ১০ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী। ছবি: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জন শত কোটি টাকার মালিক। পাশাপাশি স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য বিবেচনায় কোটিপতি প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জনে। প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৩০০টি আসনে মোট ১ হাজার ৯৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী। বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত।

প্রার্থীদের হলফনামা ও টিআইবির প্রতিবেদন বিশ্লেষণের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ১০ ধনী হলেন–

আবদুল আউয়াল মিন্টু

ধনী প্রার্থীদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার ও তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য ৬০৭ কোটি টাকা।

বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আবদুল আউয়াল মিন্টু পেশায় একজন ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী, তার নিজের নামে থাকা সম্পদের মূল্য ৫০৭ কোটি টাকা, আর তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে রয়েছে ১০০ কোটি টাকার সম্পদ। তিনিও ব্যবসায়ী।

হলফনামায় আবদুল আউয়াল মিন্টু নিজের নামে ৫ কোটি ১৫ লাখ টাকার দায় থাকার কথা উল্লেখ করেছেন। তবে তার স্ত্রী ও সন্তানদের কোনো দায়-দেনা নেই। পাশাপাশি একক ও যৌথ নামে তার ২৮০ কোটি টাকার ব্যাংকঋণ থাকার তথ্যও উল্লেখ রয়েছে।

মোহাম্মদ আসলাম চৌধুরী

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তার, তার স্ত্রী জামিলা নাজনীল মাওলা এবং কন্যা মেহরীন আনহারের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৭৪ কোটি টাকা। হলফনামা অনুযায়ী, তারা তিনজনই পেশায় ব্যবসায়ী। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার ৩৪৫ কোটি টাকার ঋণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ফখর উদ্দিন আহমেদ

তৃতীয় স্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ আসনের বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। তার ও তার স্ত্রী তাসলিমা আক্তারের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ২৯৯ কোটি টাকা। এর মধ্যে তার স্ত্রীর নামে রয়েছে ৭ কোটি টাকার অস্থাবর সম্পদ। তিনি ও তার উভয়েই ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী, তার ১৫ কোটি টাকার ব্যাংকঋণ রয়েছে।

জাকারিয়া তাহের

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার ও তার স্ত্রী নাজনীন আহমেদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৯২ কোটি টাকা। তারা দুজনই পেশায় ব্যবসায়ী। তার হলফনামায় কোনো ঋণের তথ্য নেই।

সালাউদ্দিন আলমগীর

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার ও তার স্ত্রী সুলতানা জাহানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বাজারমূল্য ২৮৩ কোটি টাকা। সালাহউদ্দিন আলমগীর পেশায় একজন ব্যবসায়ী।

এম এ এইচ সেলিম

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। বিএনপির সাবেক সংসদ সদস্য সেলিম বাগেরহাট-১, ২ ও ৩– এই তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা অনুযায়ী, তার একক মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৬২ কোটি টাকা। তার প্রায় সাড়ে তিন কোটি টাকার দায় রয়েছে।

মো. জালাল উদ্দীন

তালিকার সপ্তম অবস্থানে রয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন। তার ও তার স্ত্রী শাহনাজ শারমীনের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৪৯ কোটি টাকা। তারা দুজনই পেশায় ব্যবসায়ী। এর আগে মো. জালাল উদ্দীন ঢাকায় অবস্থিত স্পেন দূতাবাসে কর্মরত ছিলেন।

গোলাম মোহাম্মদ সিরাজ

অষ্টম স্থানে রয়েছেন বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি, তার স্ত্রী শাহনাজ সিরাজ এবং পুত্র আসিফ রাব্বানী তিনজনই ব্যবসায়ী। তাদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য ২০৪ কোটি টাকা। হলফনামা অনুযায়ী, তার ২৭ কোটি টাকা ব্যাংকঋণ রয়েছে।

মোহাম্মদ ফজলুল আজিম

নবম স্থানে রয়েছেন নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের বর্তমান মূল্য ১৯০ কোটি টাকা। এর মধ্যে ২১ কোটি টাকার সম্পদ রয়েছে তার স্ত্রী শামীমা আজিমের নামে। পেশায় তারা দুজনই ব্যবসায়ী।

মো. সফিকুর রহমান

শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকায় দশম অবস্থানে আছেন শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান। টিআইবির প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের বর্তমান মূল্য ১৮৫ কোটি টাকা। তিনিও পেশায় ব্যবসায়ী। দুটি ব্যাংকে তার ৪১ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

/জেএইচ/