ফেসবুক পোস্টের জেরে জামালপুর ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেসবুক পোস্টের জেরে জামালপুর ছাত্রদল নেতা বহিষ্কার
বহিষ্কার হওয়া জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক

নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক। সেই পোস্টকে কেন্দ্র করে এবার সাংগঠনিক পদ হারালেন তিনি।

সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকিরুল হককে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। জাকিরুলের বাড়ি মাদারগঞ্জ উপজেলায়।

নিজের ফেসবুক পোস্টে জাকিরুল লিখেছিলেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস বা কল দিয়েন না।’

জ্বালানি তেলের দাম বাড়ার পর ওই ব্যক্তিদের অনেকেই তাকে ফোন করে এবং এসএমএস দিয়ে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া জানাতে থাকেন। সাধারণ মানুষের সেই অসন্তোষ ও কষ্টের কথাই তিনি ফেসবুকের পোস্টে তুলে ধরেছেন বলে জানান জাকিরুল।

বহিষ্কারের বিষয়ে জাকিরুল বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

অন্যদিকে, জাকিরুলকে বহিষ্কারের সিদ্ধান্তকে যথাযথ বলে মনে করছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম। তার বক্তব্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণেই জাকিরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

/আরএ/