শিরোনাম
জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার

মন্দ কাজগুলো করে আপনারাই মাজারের ওপর দোষ দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মন্দ কাজগুলো করে আপনারাই মাজারের ওপর দোষ দিচ্ছেন
রাজধানীর শাহ আলী মাজার প্রাঙ্গণে এই মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

রাজধানীর শাহ আলী মাজারে হামলায় জামায়াতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। কবি ও চিন্তক ফরহাদ মজহার এই ঘটনায় জামায়াতের কড়া সমালোচনা করে বলেছেন, এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ চাপাচ্ছেন।

রবিবার (১৭ মে) দুপুরে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। মাজারের ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘সাধুগুরুভক্ত ও অলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ নামে দুটি সংগঠন।

বিক্ষোভ সমাবেশে ফরহাদ মজহার বলেন, ‘এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ উঠেছে। আমি দুঃখ পেয়েছি শুনে। আমি পত্রিকায় দেখেছি। আমি শফিক ভাইকে (জামায়াত আমির) এর আগেও বলেছি, নির্বাচনের আগে আপনি কীসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে ডেকেছিলাম, কোনো টেলিভিশন শোতে। আপনি তো আসেননি। আপনারা বলছেন গান হারাম। বাহাসে ডেকেছি, আসেননি। কোথায় গান হারাম? কোন আয়াত নিয়ে বলছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে।’

জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, এর আগেও বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি, অনৈতিক কাজ-এগুলো বন্ধ হওয়া দরকার। কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ দিচ্ছেন।

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এতে তিনি বলেন, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে দেওয়া এ ধরনের বক্তব্য একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।

/বিবি/