শিরোনাম

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
বিএনপি নেতা আশরাফুল ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই শোকজ নোটিশে বলা হয়, রবিবার সকালে আপনি (আশরাফুল ইসলাম) দলের অনুমতি ব্যতিরেখে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এ ধরনের দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে রবিবার সকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

/টিই/