শিরোনাম

রংপুর অভিমুখে লংমার্চ ১৯ সেপ্টেম্বর: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রংপুর অভিমুখে লংমার্চ ১৯ সেপ্টেম্বর: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে আরেকটি লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিটি সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের এ লংমার্চ অনুষ্ঠিত হয়।

কর্মসূচি সফল করতে সহযোগিতা করায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মী, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী, লংমার্চ রুটের যাত্রী ও পথচারী, সাধারণ জনগণ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং সড়ক বিভাগের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চের পথে লাখো মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বহরকে অভিবাদন জানিয়েছেন। পথসভাগুলোতেও হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

তিনি দাবি করেন, এ অংশগ্রহণ প্রমাণ করেছে যে ১১ দলীয় ঐক্যের দাবিগুলো কোনো দলীয় দাবি নয়, বরং জনগণের দাবি।

আগামী দিনের কর্মসূচিগুলোতে দেশবাসীর আরও বেশি সম্পৃক্ততা কামনা করে তিনি বলেন, লংমার্চ কর্মসূচির কারণে জনগণের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।

/এমআর/