শিরোনাম

বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাজধানী ঢাকায় এক বিশেষ সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। সেখানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, ইশতেহার প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব তাত্ত্বিক ও প্রায়োগিক কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভাব-অভিযোগ এবং প্রত্যাশার কথা শুনেছে। জনগণের এই সরাসরি অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহারটি চূড়ান্ত করা হয়েছে, যা দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে দলটির বিশ্বাস।

মাহদী আমিন বলেন , বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ এবং ‘২৭ দফা’র মূল ভিত্তিগুলোর আলোকেই দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। ওইসব কর্মসূচির অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে ইশতেহারটি প্রণীত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে। 

/জেএইচ/