শিরোনাম

দিনে-দুপুরে মিডিয়া দখল করছে বিএনপি: সারজিস

রাজশাহী সংবাদদাতা
দিনে-দুপুরে মিডিয়া দখল করছে বিএনপি: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আওয়ামী লীগের সময়ে আমরা দেখেছি, তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে রাতের আঁধারে পরোক্ষভাবে মিডিয়াগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু আজ আমরা বিএনপির সময় এসে দেখছি, তারা পরোক্ষের ধার ধারে না, নিজের দলীয় লোকদেরকে দিয়ে দিনে-দুপুরে মিডিয়া দখল করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা ভেবেছিলাম, যারা বিগত স্বৈরাচার সরকারের মাধ্যমে জুলুমের শিকার হয়েছে, তাদের অন্তত একটা শিক্ষা হবে। কিন্তু আমরা দেখলাম, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে যারা ক্ষমতায় আসলো, তিন মাস যেতে না যেতেই তারা প্রমাণ করে দিল যে, ক্ষমতার চেয়ে কোনোদিন দেশ বড় হতে পারে না। ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে। কিন্তু তারা ভুলে গিয়েছে দেশের ৭০ শতাংশ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।

তিনি বলেন, তারেক রহমানকে একটা ধ্রুব সত্য মনে করিয়ে দেই— বিএনপি যে এবার ক্ষমতায় গিয়েছে, মানুষ তারেক রহমানের মুখ দেখে ভোট দেয় নাই। ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেখে । তারেক রহমান যদি জনগণের সঙ্গে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করেন, তাহলে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এনসিপির এই নেতা বলেন, বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু প্রিয় তারেক রহমান, নদীতে যদি পানি না থাকে, খাল খনন করে আমার লাভ কী হবে? ওই খালের পানি আসবে কোথা থেকে?

তিনি বলেন, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না।

/এসবি/