শিরোনাম

নির্বাচনী বিতর্কে অংশ নিতে তারেক রহমানকে জামায়াত আমিরের আহ্বান

নির্বাচনী বিতর্কে অংশ নিতে তারেক রহমানকে জামায়াত আমিরের আহ্বান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (৬ অক্টোবর) রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান শফিকুর রহমান।

পোস্টে তারেক রহমানের সম্প্রতি ঘোষিত রাজনৈতিক পরিকল্পনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উন্মুক্ত ও সরাসরি আলোচনা সময়ের দাবি। এ ধরনের আলোচনার মাধ্যমে জনগণই বিচার করবে, কোন পথটি দেশের জন্য উত্তম।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা প্রয়োজন, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের রায় ও ইচ্ছাকে সম্মান করার প্রতিশ্রুতি দেবে। তার মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা অর্জন সম্ভব। জনআস্থা ও ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনী ফল জনগণের স্বীকৃতি পেতে পারে না।

ফেসবুক পোস্টে জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতার কথাও উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক নেতৃত্বের একটি বিশেষ দায় রয়েছে। রাজনীতি যে ভদ্র, শালীন ও সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার সময় এসেছে।

ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা গণমাধ্যম ও জনগণের সরাসরি নজরদারির আওতায় থাকবে, সমালোচনার জন্য উন্মুক্ত হবে এবং যেখানে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত থাকবে।

/এসএ/