শিরোনাম

শরিয়াভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
শরিয়াভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জামায়াত শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। তবে এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার (৩ জুলাই) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতের একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা বাংলাদেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত অভিযোগ করছে সরকার জুলাই সনদ মানেনি। অথচ সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে একমত হয়নি। একই সঙ্গে সেখানে বলা হয়েছে, নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বিষয় বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নের জন্য কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের বিভিন্ন শর্তও সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনা ও মতামত দেওয়ার জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সেই পথে না গিয়ে ১১টি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালন করছে। তবে এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।

/এসআর/