শিরোনাম

সূত্রাপুর থানার ওসি বদল চেয়ে ইসিতে আবেদন ইশরাকের

নিজস্ব প্রতিবেদক
সূত্রাপুর থানার ওসি বদল চেয়ে ইসিতে আবেদন ইশরাকের
শনিবার নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন ইশরাক হোসেন। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তাকে বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। একই সঙ্গে সূত্রাপুর এলাকার কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিও জানিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে গিয়ে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এসব আবেদন করেন ইশরাক হোসেন। পরে গণমাধ্যমকে ইশরাক হোসেন বলেন, সূত্রাপুরের কাঠেরপুল এলাকায় অবস্থিত কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে ১৫২ পিস স্ট্যাম্প উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি ঢাকা-৬ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মালিকানাধীন বলে দাবি করেন তিনি। বিষয়টি সূত্রাপুর থানাকে জানানো হলেও পুলিশ প্রথমে কোনো পদক্ষেপ নেয়নি।

ইশরাক হোসেন আরও বলেন, পরে তিনি আবারও থানার ওসির সঙ্গে কথা বলেন। এরপর পুলিশ ওই ভবনে গিয়ে মালিকপক্ষকে সতর্ক করে এবং পরে বস্তাভর্তি করে সেসব স্ট্যাম্প নিয়ে যায়। ওই ভবনে আগ্নেয়াস্ত্রও ছিল বলে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। বিষয়টি আজ নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানানো হয়েছে।

ইশরাক হোসেন জানান, নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিবর্তনের আবেদনও করা হয়েছে। এ বিষয়ে কমিশন বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে তাকে জানানো হয়েছে।

/এসএ/