উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা-ভাঙচুর
রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাসভবনে হামলায় জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

জি এম কাদের জানান, তিনি সকালের নাশতা সেরে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন, বাসার বাইরে হইচই। তার নাম ধরে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। এক থেকে দেড়শ লোক ছিল বলে মনে হয়েছে তার। এরপর লোকজন তার বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ
রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে কারাগারে বন্দি জি এম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। ব্যানারে লেখা ছিল– ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ/ জি এম কাদের এর গ্রেফতার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলছে।

বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না।

পাশাপাশি অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

/এফসি/