বিএনপির সঙ্গে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সঙ্গে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: ডা. জাহেদ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘বয়ান’ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা আছে, এটি রাজনীতি। এটা বলছি না– এই সরকারের সময়ে, এই সরকারের সঙ্গে কানেক্টেড, বা দলের নাম নিয়ে কেউ এটা করছে না। কিন্তু ব্র‍্যান্ডিং ন্যারেটিভ তৈরির চেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডা. জাহেদ।

সরকার খুব খারাপ করছে না– এমন মন্তব্য করে তিনি বলেন, দেশে অপরাধ ঘটছে। অন্তর্বর্তী সরকারের তুলনায় কিছু অপরাধ বেড়েছে আবার কমেছেও, তথ্য সেটাই বলছে। কিন্তু দেশে এখন নৈরাজ্য নেই। অন্তর্বর্তী সময়ের তুলনায় অনেক ভালো অবস্থা এখন।

এনসিপির চাঁদাবাজবিরোধী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে এটা একটা স্যাটায়ার মনে হয়েছে। তারা করতেই পারেন। আমরা যেকোনো ভায়োলেন্ট কিছুর পরিবর্তে এই ধরনের কর্মসূচি স্বাগত জানাই।

তথ্য উপদেষ্টা বলেন, দেশের বাজারে এলপি গ্যাসের সংকট নেই বলে নিশ্চয়তা দিয়েছে আমদানিকারক ও অপারেটররা। অসৎ উদ্দেশে কেউ মজুতদারি করলে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে বাংলাদেশ। এর মূল উদ্দেশ্য পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানো। এ চুক্তির ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো সমস্যা হবে বলে মনে করি না।

/এফসি/