শিরোনাম

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে: আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে: আব্দুল কাদের
সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের

বিএনপি ক্ষমতায় এসে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, আমরা দেখলাম, ক্ষমতায় বসে একটি দল (বিএনপি) জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পথে না হেঁটে, ফ্যাসিবাদের পথে হাঁটছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আপনারা জনগণের সঙ্গে বেইমানি এবং প্রতারণা করবেন না। তাহলে জনগণ মানবে না।

বুধবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করেছে।

দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ফ্যাসিবাদের বিদায়ের পর রাজনৈতিক দলগুলো মিলে জুলাই সনদ গঠন করেছিলাম। এরপরে ২০২৬ এর ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটের আয়োজন করা হয়েছে। নির্বাচনে ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। জনগণ আশা করেছিলো, যারা ক্ষমতায় যাবে, তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষার বিরোধিতা করে আপনারা (বিএনপি) ক্ষমতার মসনদে বসে থাকবেন, এটা হবে না। জনগণ তা হতে দেবে না। জুলাই আন্দোলন না হলে আপনি (তারেক রহমান) প্রধানমন্ত্রী হতে পারতেন না। দেশেও প্রবেশ করতে পারতেন না। দয়া করে আপনারা মানুষের সঙ্গে প্রতারণা এবং বেইমানি কইরেন না। যদি প্রতারণা করেন, ফ্যাসিবাদী সরকারকে জনগণ যেভাবে তাড়িয়েছে, আপনাদেরকেও সেভাবে তাড়াবে।

ছাত্রদলকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, কয়েকদিন ধরে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কায়দায় আক্রমণ শুরু করেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই। ছাত্রদল ছাত্রলীগের মতো আচরণ করলে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে।

খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে তাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি গণমিছিল নিয়ে পুরনো পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে যেতে দেখা গেছে।

/এসআর/