শিরোনাম

আ.লীগের ইতিহাস দখলের চরিত্র রপ্ত করেছে বিএনপি: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগের ইতিহাস দখলের  চরিত্র রপ্ত করেছে বিএনপি: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে দেখা যাচ্ছে!

বুধবার (৫ আগষ্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা ডকুমেন্টারি দেখিয়েছে। সেখানে ৩ আগস্টে ঘোষিত জুলাইয়ের ১ দফা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত নাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুক পোষ্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুক পোষ্ট

তিনি লেখেন, ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে দেখা যাচ্ছে! এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিয়ার বিএনপি? শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।

এদিকে, রাষ্ট্রপতির উপস্থিতিতেই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদের আওয়াজ ওঠে। একপর্যায়ে উপস্থিত অনেকে দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানালে পুরো মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মঞ্চে এসে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। তবে তার আহ্বানের পরও প্রতিবাদ অব্যাহত থাকে।

এরপর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আন্দোলনের অন্যতম নেতৃত্ব এবং এনসিপির নেতা আক্তার হোসেনকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

/এসবি/