শিরোনাম

বিকালে আ.লীগ অফিসে ‘জয় বাংলা’ স্লোগান, রাতে ভাঙচুর-আগুন

খুলনা সংবাদদাতা
বিকালে আ.লীগ অফিসে ‘জয় বাংলা’ স্লোগান, রাতে ভাঙচুর-আগুন
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। ছবি: সংগৃহীত

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দেড় বছর পর হঠাৎ নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মালা পরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় সেখানে সমবেত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

জানা গেছে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্ক-সংলগ্ন কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১২ জনের একটি দল এসে নিচতলার তালা খুলে দোতলায় ওঠে। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। কিছু সময় অবস্থান করার পর নতুন তালা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওতে থাকা ব্যক্তিদের স্থানীয়ভাবে শনাক্তও করা যায়নি।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সমবেত হন। তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবনটি প্রায় পরিত্যক্ত ছিল। গত বছরের মে মাসে দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

/জেএইচ/