শিরোনাম

কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ সাংবাদিক: জরিপ

নিজস্ব প্রতিবেদক
কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ সাংবাদিক: জরিপ
ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন দেশের ১৫ শতাংশ সাংবাদিক। পুরুষদের তুলনায় নারী সাংবাদিকরা অনেক বেশি মৌখিক, অনলাইন ও শারীরিক হয়রানির শিকার হয়েছেন। এমনকী ধর্ষণের ঘটনাও ঘটেছে বলে এক জরিপে উঠে এসেছে।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘গণমাধ্যমকর্মীদের জন্য যৌন হয়রানি প্রতিরোধ প্রটোকল’ প্রকাশ অনুষ্ঠানে জরিপের এই ফলাফল তুলে ধরা হয়।

২০২৫ সালে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স’ জরিপটি পরিচালনা করে। জরিপে অংশ নেওয়া ৩৩৯ জনের মধ্যে ১০০ জন নারী ও ১৯০ জন পুরুষ সাংবাদিক ছিলেন।

জরিপের ফলাফল তুলে ধরেন বিবিসি মিডিয়া অ্যাকশনের আরাফাত সিদ্দিকী। তিনি জানান, শারীরিক হয়রানির শিকার হয়েছেন ২৪ শতাংশ নারী। পুরুষদের ক্ষেত্রে এই হার ৭ শতাংশ। ৪৮ শতাংশ নারী এবং ১৫ শতাংশ পুরুষ সাংবাদিক অনলাইন হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া মৌখিক হয়রানির অভিযোগ এসেছে ৬০ শতাংশ নারী এবং ৯ শতাংশ পুরুষ সাংবাদিকের কাছ থেকে।

৭ জন নারী এবং দুজন পুরুষ সাংবাদিক ধর্ষণের শিকার হয়েছেন বলেও জানিয়েছেন।

জরিপে দেখা যায়, মৌখিক হয়রানির অভিযোগকারী নারীদের ৪৩ শতাংশ ক্ষেত্রে এবং পুরুষদের ৬০ শতাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আর যেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বেশির ভাগই শুধু অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর আল মামুন, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশের সমন্বয়ক আঙ্গুর নাহার মন্টি।

/এফসি/