শিরোনাম

পাকিস্তানে ‘জুলাই শহীদ দিবস’ পালন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে ‘জুলাই শহীদ দিবস’ পালন
ইসলামাবাদে জুলাই শহীদ দিবসে আমন্ত্রিত অতিথি

যথাযোগ্য মর্যাদায় পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হাইকমিশনের সম্মেলনকক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা সভায় ইসলামাবাদে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, হাইকমিশনের কর্মকর্তা এবং পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান স্মরণ করেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, দল বা গোষ্ঠীর অর্জন নয়; এটি ছিল স্বৈরাচারমুক্ত মানবিক সমাজ ও গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল। এ সময় তারা জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় অগ্রগতি হয়েছে বলেও জানান বক্তারা। সেইসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানান।

রাষ্ট্রের শক্তির প্রকৃত উৎস যে জনগণ-এই সত্যকে স্মরণ করিয়ে দেয় জুলাই গণঅভ্যুত্থান। জুলাইয়ের চেতনা মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়। একইসঙ্গে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে হাইকমিশনার জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ২০২৪ সালের এই দিনে জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন নিহত হন। পরবর্তী কীভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার, দমন-পীড়ন এবং ছাত্র-জনতার আন্দোলনের বিস্তার লাভ করে তার বিবরণ তুলে ধরেন।

/জেএইচ/