শিরোনাম

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

সিটিজেন ডেস্ক
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ
রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

আজ ২৫ বৈশাখ, বাংলা ভাষা ও সাহিত্যের প্রবাদপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক তিনি। বাংলা সাহিত্য, সংগীত, চিত্রশিল্প ও দর্শন প্রতিটি স্তরেই মিশে আছে রবীন্দ্রনাথের নিপুণ হাতের ছোঁয়া। তার জন্মদিন বাঙালির জন্য এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে (৭ মে ১৮৬১) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকেই তার প্রতিভার প্রকাশ ঘটতে থাকে। ছোটগল্প, কবিতা, গদ্য, নাটক, উপন্যাস- সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচারণা নেই।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য তিনি প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার অর্জন করেন। এর মাধ্যমে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে বসিয়েছিলেন।

এদিকে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদযাপন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এ বছর বিশ্বকবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। কবির স্মৃতিধন্য নওগাঁর পতিসরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া খুলনার দক্ষিণ ডিহিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ বিকাল সাড়ে ৫টা থেকে ১১ মে পর্যন্ত চার দিনের ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া বাংলা একাডেমিতে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন হবে ১১ মে বিকেল ৩টায়। সেমিনার, রবীন্দ্র পুরস্কার ২০২৬ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিকে স্মরণ করবেন বিশিষ্টজনরা।

এদিকে সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা এবং কাল সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে হবে এই অনুষ্ঠান। সেখানে আলোচনা, নাচ, গান ও আবৃত্তির আয়োজন করা হয়েছে। এছাড়া দেশব্যাপী ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হবে।

/জেএইচ/